নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
খুলনার দিঘলিয়ায় নিজ বাড়ির সামনে চা খেতে বের হয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসিম ওই এলাকার মৃত আ. গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে নাসিম বাড়ির সামনে চা খেতে বের হন। এ সময় একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবর্ষণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে গুলিবিদ্ধ অবস্থায় নাসিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
তবে কী কারণে এবং কারা নাসিমকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন